কমিউনিটি গাইডলাইন - Duolingo
কমিউনিটি গাইডলাইন
ভাষা শিক্ষার্থী দের বিশ্বব্যাপী এক মিলনমেলা ডুয়োলিংগো
আমরা বিশ্বাস করি, বিনা মূল্যে ভাষা শিক্ষা সকলের অধিকার। আমাদের গাইডলাইনের উদ্দেশ্য হচ্ছে এই কমিউনিটির অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে সবার মধ্যে সুস্পষ্ট ধারণা ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা। গাইডলাইনের কোনও নির্দেশনা অমান্য করা হলে আমরা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হব। অতএব অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন
আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে সমবেত হয়েছি একটি মাত্র লক্ষ্য পূরণে - তা হল, ভাষা শেখা। আমাদের প্রত্যেকের ভাষাগত দক্ষতার মাত্রাও ভিন্ন ভিন্ন। কৌতূহল, প্রশ্ন, এবং সাংস্কৃতিক বোঝাপড়া - এ সবই আমাদের কাছে সাদরে বরণীয়। অন্যান্য শিক্ষার্থী এবং তাদের জাতিগত ব্যুৎপত্তির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করুন।
সব পর্যায়ের দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্যই রয়েছে সাহায্য ও সহযোগিতা পাওয়ার সুযোগ
আমরা সবাই একই পথের যাত্রী। নতুন ভাষা শেখা কঠিন একটি কাজ এবং তার জন্য প্রয়োজন যথেষ্ট সাহস ও নিষ্ঠা। কেউ যদি ভুল ব্যাকরণ ব্যবহার করে বা এমন কোনো প্রশ্ন করে যার উত্তর আপনি মনে করছেন যে সবারই জানার কথা, সেক্ষেত্রে অনুগ্রহ করে শান্তভাবে তাদেরকে সাহায্য করুন। প্রশ্নবাণে জর্জরিত করে অথবা সরাসরি কটু কথা বলে কাউকে শিখতে সাহায্য করা যায় না। ভালোভাবে বলতে পারছেন না? তাহলে আপনার কিছুই বলার দরকার নেই।
আঞ্চলিক ভাষাগত পার্থক্য বরণ করে নিন
একটি ভাষায় থাকতে পারে হাজারও শব্দ, বাচনভঙ্গি, কিংবা মনের ভাষা প্রকাশের নানা রকম উপায়। ভাষার অনেকগুলি বিস্ময়ের মধ্যে এটি একটি। খোলা মন ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই ধরনের আলোচনায় যোগ দিন।
শেয়ার করার আগে ভাবুন
আমরা আপনার নিরাপত্তার ব্যাপারে সচেতন। অন্য ভাষায় কথা বলতে গেলে সামাজিক হতেই হয়, কিন্তু এমন কোনও ব্যক্তিগত তথ্য জানানো বা পোস্ট করার বিষয়ে সাবধান থাকুন যা পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ফোন নাম্বার, বয়স, ঠিকানা, কখন বাসায় থাকবেন, স্কুলের নাম, ইমেইল, বা আপনার গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন যে কোনও ব্যক্তিগত তথ্যই এসবের অন্তর্ভুক্ত। মোট কথা, প্রয়োজনের অতিরিক্ত কোনও কিছু শেয়ার করবেন না। নিজের ব্যক্তিগত তথ্য অন্যদের জানাতে গেলে বা অন্যদেরও এই ধরনের আচরণে উৎসাহিত করলে আপনার পোস্ট, এমনকি অ্যাকাউন্টও মুছে দেওয়া হতে পারে।
অনুগ্রহ করে যে সব কাজে ডুয়োলিংগো ব্যবহার করবেন না...
এক বা একাধিক ব্যক্তিকে কথা ও আচরণ দ্বারা আক্রমণ করা
ডুয়োলিংগো সব রকমের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ জায়গা। হয়রানিমূলক আচরণ এবং ক্ষতিকর কন্টেন্ট কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বিদ্বেষ ছড়াতে ব্যবহৃত হয়, এমন যে কোনও প্রতীক, নাম, বা লেখা নিপীড়ন হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি হয়রানিমূলক আচরণ, কাউকে না জানিয়ে তাকে অনুসরণ করা, অন্য কোনও ব্যক্তির পরিচয় ধারণ করা, এবং কারও উদ্দেশ্যে যৌন হয়রানিমূলক মন্তব্য করা, এই সবই নিপীড়ন হিসেবে বিবেচিত। নগ্নতা এবং বিভ্রান্তিকর প্রোফাইল ফটো ও ইউজারনেইমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শর্তাবলি মোতাবেক, ডুয়োলিংগো প্রয়োজন মনে করলে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে এই ধরনের ছবি, এমনকি অ্যাকাউন্ট মুছে দিতে পারে। মোদ্দা কথা: আপনার যদি মনে হয় আপনার আচরণ বা কথা কাউকে আক্রমণ বা আঘাত করছে, তাহলে তা করবেন না। আমরা যে কোনও রিপোর্ট গুরুত্বের সাথে নেই। এ ধরনের কার্যকলাপের প্রমাণ পেলে কোনও রকম নোটিস ছাড়াই আমরা আপনার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার অধিকার রাখি।
উদ্দেশ্যমূলকভাবে স্ক্রিপ্টিং করা বা প্রতারণার আশ্রয় নেওয়া
ডুয়োলিংগো সদুপায়ে শিক্ষা অর্জনে বিশ্বাসী। যদি নকল করার জন্য স্ক্রিপ্ট চালান কিংবা ডুয়োলিংগোর ব্যবস্থাপনা, কমিউনিটি, শেখার পদ্ধতি, তথ্য বা অভিজ্ঞতার উপর নেতিবাচক বা উল্লেখযোগ্য কোনও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ডুয়োলিংগো ব্যবহার সম্পর্কিত তথ্য ও নির্দেশনা অন্যের হাতে তুলে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ও পোস্ট মুছে ফেলা হতে পারে।
উস্কানিমূলক মন্তব্য করা
বিদ্বেষপূর্ণ, অশালীন এবং অপ্রাসঙ্গিক মন্তব্য বিদ্যা অর্জনে কোনও অবদান রাখে না। শাপশাপান্ত করেও কোনও লাভ হয় না (এসব শব্দ মানুষকে বনে বাদাড়েই শিখতে দিন)। ভাষা সংক্রান্ত আলোচনাকে এসব থেকে মুক্ত রাখুন।
সংক্ষেপে
আমরা এমন কোনও কন্টেন্টের প্রতি সহনশীলতা প্রদর্শন করি না, যেগুলো:
- বেআইনী
- পর্নোগ্রাফিক
- মাত্রাতিরিক্ত অশালীন বা সহিংস
- স্প্যাম
- হুমকি, হয়রানি, বা নিপীড়নমূলক
- বর্ণবাদ ও অসহিষ্ণুতার সাথে সম্পর্কিত
- বিভ্রান্তি সৃষ্টি বা প্রতারণার উদ্দেশ্যে অন্য ব্যক্তির পরিচয় ধারণ করে পোস্ট করা হয়
- ব্যক্তিগত গোপনীয় তথ্য
নিয়মের ফাঁকফোঁকর খোঁজার চেষ্টা করে অনুগ্রহ করে সময় নষ্ট করবেন না; গাইডলাইনের নীতির সাথে সাংঘর্ষিক যে কোনও কন্টেন্ট মুছে দেওয়া হবে এবং কোনও রকম সতর্কবাণী ছাড়াই হয়তো আপনি ডুয়োলিংগো ব্যবহারের সুযোগ আংশিক বা পুরোপুরি হারাবেন। এই গাইডলাইন মেনে চলতে পারলে আমরা সবাই মিলে গড়ে তুলতে পারব সুন্দর ও সহযোগিতামূলক একটি শিক্ষার্থী সমাজ.